মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ইরানের ভেতর থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।
প্রথমদিকে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পরে আইআরজিসি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। তারা জানায়, জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে হুমকি বা সামরিক তৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদের ‘প্রতিরোধমূলক অভিযান’ও চলতে থাকবে।
এদিকে, চলমান সংকটের মধ্যেই হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
Leave a Reply