গাজীপুরের কালিয়াকৈরে নকল ওরস্যালাইন-এন সরবরাহের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ১২ হাজার ৫০০ পিস সন্দেহভাজন নকল ওরস্যালাইন জব্দ করা হয়েছে। জানা গেছে, গত রোববার কালিয়াকৈরের সফিপুর এলাকার ‘মায়ের দোয়া ফার্মেসি’তে ওরস্যালাইন-এনের অর্ডার নেন মামুন মিয়া নামে এক ব্যক্তি। পরদিন সোমবার সকালে তিনি অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করেন।
ফার্মেসির মালিক মো. রেজাউল করিম বাবুল জানান, সরবরাহ করা ওরস্যালাইনের দাম ও গুণগত মান নিয়ে তার সন্দেহ হলে তিনি এসএমসি কোম্পানির বিক্রয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতিনিধি এসে পণ্যগুলো পরীক্ষা করে এগুলো নকল বলে নিশ্চিত করেন। এ ঘটনার পর অভিযুক্ত মামুন মিয়াকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং সন্দেহভাজন নকল ওরস্যালাইন জব্দ করে থানায় নিয়ে যায়।
আটক মামুন মিয়া পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, জব্দ হওয়া পণ্যগুলো ‘মারওয়া নিউট্রিশনস’-এর। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের গুদাম কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার সরকার মার্কেটে অবস্থিত।
পুলিশ জানায়, জব্দ করা মোট ১২ হাজার ৫০০ পিস ওরস্যালাইনের প্রকৃত পরিচয় ও উৎস যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা বা এসএমসি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply