1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বিদ্যালয়ের পাশেই ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

‎স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

‎গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় অবস্থিত মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশেই দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লা-আবর্জনার ভাগাড়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

‎রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমানা ঘেঁষে পৌরসভার বর্জ্যের স্তূপ জমে রয়েছে। সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুর্গন্ধের কারণে অনেকেই মাথাব্যথা, বমিভাব, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

‎স্থানীয়দের অভিযোগ, ভাগাড় থেকে নির্গত দূষিত গ্যাস, ধুলাবালি এবং মশা-মাছির কারণে আশপাশের বাসিন্দারাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির পর এবং রোদ উঠলে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করে। এ সময় শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ রেখে পাঠদান করতে হয়, ফলে শিক্ষার্থীদের জন্য পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে।

‎শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ময়লার ভাগাড়ের পাশ দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। তীব্র দুর্গন্ধের কারণে অনেক সময় নাক চেপে কিংবা মুখে মাস্ক ও রুমাল ব্যবহার করে ক্লাস করতে হয়। এতে স্বাভাবিকভাবে পাঠে মনোযোগ দেওয়া সম্ভব হয় না এবং খেলাধুলাও ব্যাহত হচ্ছে। ‎দশম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান ও নাইম হোসেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বির এবং প্রথম শ্রেণির শিক্ষার্থী এশা মনি বলেন, “ময়লার দুর্গন্ধে ঠিকমতো ক্লাস করতে পারি না। অনেক সময় বমি আসে, মাথা ঘোরে। আমরা বিদ্যালয়ের পাশে এই ময়লার ভাগাড় চাই না।”

‎স্থানীয় বাসিন্দা পাপিয়া আক্তার, আসাদুজ্জামান আসাদ ও জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে ময়লা ফেলার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রতিদিন এই অস্বাস্থ্যকর পরিবেশ পেরিয়ে শিশুদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ‎বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দুর্গন্ধের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। শিক্ষার্থীদের সুস্থ, নিরাপদ ও মনোরম পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড় অপসারণের দাবি জানান তারা।

‎মিলেনিয়াম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আদম আলী বলেন, “আমাদের প্রতিষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের পাশের পৌরসভার বর্জ্যের ভাগাড়ের কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে একাধিকবার পৌর নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ শিক্ষার স্বার্থে দ্রুত এই ভাগাড় অপসারণ জরুরি।”

‎এ বিষয়ে কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, “বিদ্যালয়ের সামনে ময়লা রাখার কোনো নিয়ম নেই। খুব দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ করা হবে।” ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পাশ থেকে ময়লার ভাগাড় অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost