ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন যখন আরও তীব্র হচ্ছে, ঠিক সেই সময় মধ্যরাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, প্রশ্নফাঁস ইস্যুতে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে তার সরকার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দেওয়া এই ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে বিষয়টিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই দ্রুত নতুন করে পরীক্ষা আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।
মোদি আরও জানান, প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং আগামী সপ্তাহে সংসদে এ-সংক্রান্ত বিল উত্থাপনের চেষ্টা করা হবে।
তবে সরকারের এই ঘোষণার পরও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীদের মূল দাবি এখনো একই—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্র সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করেছে। নতুন উচ্চশিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ কুমার গাঙ্গোয়ার এবং স্কুল শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন টি. কে. অনিল কুমার।
সূত্র জানিয়েছে, শুক্রবার আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হতে পারে। যন্তর মন্তরে বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত, সরকারি পরীক্ষা ব্যবস্থার সংস্কার, বেকারত্ব সমস্যা সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply