রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জনের মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে তিনি সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সংসদ সচিবালয়ের একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের কারণেই স্পিকারকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন। একই সঙ্গে সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সে অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।
বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রায় ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।
Leave a Reply