কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলিত বালু জব্দ করেছে। পরে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া বালু উত্তোলন করে জমি ভরাটের কাজ চলছিল। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সংশ্লিষ্ট ড্রেজার মালিক ঘটনাস্থল ত্যাগ করলে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলিত বালু জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামে সর্বোচ্চ ৪৪ হাজার ৬০০ টাকা দর দিয়ে মোকছেদুল মোমিন নামে এক ব্যক্তি শ্যালো মেশিন ও বালু ক্রয় করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply