তিন বছর পর পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার।
ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। এতে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে ২০০৮ সাল পর্যন্ত নিয়মিতভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। পরে ২০০৯ সালে তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। এরপর ২০২২ সালে পরীক্ষামূলকভাবে বৃত্তি পরীক্ষা পুনরায় শুরু হলেও এবার তা পূর্ণাঙ্গভাবে আয়োজন করা হয়েছে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে ভাতা পাবেন।
এদিকে ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। আগামীকাল দুপুরেই জানা যাবে কারা পাচ্ছেন এবারের প্রাথমিক বৃত্তি।
Leave a Reply