বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। মাঠের লড়াইয়ের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য এবং খাবার নিয়েও বাড়ছে আগ্রহ। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে ইরানের জনপ্রিয় ঐতিহ্যবাহী ডেজার্ট ‘শোলেহ জার্দ’।
নানা চ্যালেঞ্জ পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়া ইরান যেমন ফুটবল মাঠে প্রশংসা কুড়াচ্ছে, তেমনি তাদের ঐতিহ্যবাহী খাবারও আকর্ষণ করছে খাদ্যপ্রেমীদের। জাফরান, দুধ ও বাদামের সমন্বয়ে তৈরি এই মিষ্টি খাবারটি ইরানি সংস্কৃতির অন্যতম পরিচিত একটি পদ।
বিশ্বকাপের খেলা দেখতে দেখতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিন্ন স্বাদের কিছু উপভোগ করতে চাইলে সহজেই ঘরে তৈরি করা যেতে পারে শোলেহ জার্দ। খুব বেশি উপকরণ ছাড়াই তৈরি করা যায় এই সুস্বাদু ডেজার্ট।
শোলেহ জার্দ তৈরির উপকরণ:
এক কাপ পোলাও চাল, তিন কাপ পানি, এক কাপ তরল দুধ, আধা কাপ গুঁড়া দুধ, দুই চামচ কনডেন্স মিল্ক, আধা কাপ চিনি, দুই টেবিল চামচ ঘি, চারটি এলাচ, দুটি দারুচিনি, এক চা চামচ জাফরান পানি, আধা কাপ কাঠবাদাম, আধা কাপ কাজুবাদাম, দুই টেবিল চামচ কিশমিশ, পরিমাণমতো গোলাপ জল ও সামান্য লবণ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে একটি পাত্রে পানি দিয়ে চুলায় বসাতে হবে। এরপর এতে এলাচ, দারুচিনি এবং জাফরান পানি মিশিয়ে চাল নরম করে সিদ্ধ করতে হবে। চাল সিদ্ধ হয়ে গেলে সেটিকে ভালোভাবে গলিয়ে ঘন মিশ্রণে পরিণত করতে হবে।
এরপর ধীরে ধীরে তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, ঘি এবং সামান্য লবণ যোগ করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে মিশ্রণটি ঘন হয়ে আসে।
মিশ্রণ ঘন হলে এতে গোলাপ জল, কাঠবাদাম, কাজুবাদাম ও কিশমিশ যোগ করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ছোট বাটিতে ঢেলে ঠান্ডা করতে হবে।
পরিবেশনের সময় উপরে কুচি করা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করলে খাবারটি আরও আকর্ষণীয় ও সুস্বাদু হয়ে উঠবে।
বিশ্বকাপের উত্তেজনার মাঝে ইরানের এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডাকে আরও আনন্দময় করে তুলতে পারে। ফুটবল আর খাবারের এই মেলবন্ধন বিশ্বকাপের আনন্দকে এনে দিতে পারে নতুন মাত্রা।
Leave a Reply