1. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিজ্ঞান মেলায় প্রতিনিধি নির্বাচন নিয়ে জয়নগর কামিল মাদ্রাসায় পক্ষপাতের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

বিজ্ঞান মেলায় প্রতিনিধি নির্বাচন নিয়ে জয়নগর কামিল মাদ্রাসায় পক্ষপাতের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসায় উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রতিনিধি নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ না করে প্রতিনিধি নির্বাচন করায় বৈষম্য ও স্বজনপ্রীতির প্রশ্ন উঠেছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১২ জুন স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি জয়নগর আমিনিয়া হামিদিয়া কামিল মাদ্রাসাও এতে অংশ নেয়।

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে অধিকাংশ শিক্ষার্থীকে জানানো হয়নি। তাদের দাবি, প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল জুনায়েদ, আরবি প্রভাষক নুরজ্জামান হাবিবীর ছেলে ওমর ফারুক এবং ফরহাদ রেজা নামের এক শিক্ষার্থীকে।

শিক্ষার্থীদের একটি অংশের ভাষ্য, বিজ্ঞানবিষয়ক এ ধরনের আয়োজনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের কেউ বিজ্ঞান বিভাগের ছিলেন না। এ কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষার্থীদের আলোচনায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠে এসেছে। শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সবাইকে সমানভাবে অবহিত করতে হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত অনেক সময় সীমিত পরিসরে নেওয়া হয়। এ বিষয়ে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।”

বিজ্ঞান মেলায় প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের একটি অংশ স্বচ্ছ তদন্ত এবং ভবিষ্যতে অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost