রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শে চোখ দেখাতে রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে এক ছিনতাইকারী এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রনজিনা পারভীন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একজন প্রধান শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply