গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকার হাইটেক পার্ক লোহার ব্রিজ সংলগ্ন ঢাকা-যমুনা সেতু রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ওই যুবক রেললাইন ধরে চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের কাছে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র না থাকায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া মরদেহে কোনো পোশাকও পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply