বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য আবারও একটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিতে হবে। তবে এই বিপ্লব কোনো দল, পরিবার কিংবা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজকে নতুন করে প্রস্তুত হতে হবে। তিনি দাবি করেন, দেশকে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি এবং দলীয় প্রভাবমুক্ত করতে একটি নতুন আন্দোলনের প্রয়োজন রয়েছে।
সমাবেশে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তিনি বিএনপিকে ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসার আহ্বান জানান এবং গণরায়ের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেন।
শফিকুর রহমান আরও বলেন, সংসদে জনগণের দাবি বাস্তবায়নের চেষ্টা চলবে। তবে সেখানে সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গণআন্দোলন গড়ে উঠতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
তিনি বলেন, জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করা হলে তার প্রতিক্রিয়া মাঠে-ময়দানে দেখা যাবে। একইসঙ্গে তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, পুশইনের নামে প্রতিবেশী দেশ থেকে লোকজন বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছে। এ সময় সীমান্তে বিজিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের জনগণও সীমান্ত রক্ষায় বিজিবির পাশে রয়েছে।
পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ কোনো দেশের বিরুদ্ধে নয়, তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
খুলনার এই সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, দেশের বিভিন্ন ইস্যুতে জনমত গড়ে তোলা এবং রাজনৈতিক সংস্কারের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে শফিকুর রহমানের ‘অনিবার্য বিপ্লব’ সংক্রান্ত বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
Leave a Reply