মৌলভীবাজারের রাজনগর উপজেলার মেদিনীমহল হযরত শাহজালাল (র.) একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়ন শাখার আওতাধীন মেদিনীমহল মিয়ারগাঁও আঞ্চলিক শাখা এবং বাগেরবাড়ি আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে বুধবার, ২২ জুলাই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে মানুষের নিজ নিজ রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
দিনব্যাপী চলা এ ক্যাম্পেইনে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
Leave a Reply