বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরে সাত দিনব্যাপী ১৩ তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬ শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় ক্যাম্পটির উদ্বোধন করা হয়। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্প চলবে।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০০ জন গাইড, গাইড গাইডার ও কমিশনারবৃন্দ অংশগ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, স্কুলপড়ুয়া কিশোরীদের নিয়ে গঠিত গাইড সংগঠনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, সুস্থ প্রতিভা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি মেয়েদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
এছাড়া বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদসহ জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।
আয়োজকদের আশা, সাত দিনব্যাপী এ জাতীয় গাইড ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারী কিশোরীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে।
Leave a Reply