গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০টি নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০টি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা। এ সময় বেনুপুর বাজার ও বংশাইয়ের শাখা খাল থেকে ১০০টি কারেন্ট জাল এবং ১০টি রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা পরিষদে নিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আলম, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন, দপ্তরের অন্যান্য কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply