জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রা থামিয়ে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির।
তিনি বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।’ তিনি জানান, শুধু ঢাকাতেই নয়, একই কর্মসূচি দেশের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে।
বিরোধীদলীয় নেতা বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই তারা সচিবালয়ের সামনে এসেছেন।
তিনি সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি এসে স্মারকলিপি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত হলে জনগণের দাবিগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি সরকার জনগণের দাবিগুলো বাস্তবায়নে সফল হয়, তাহলে তাদের ধন্যবাদ জানানো হবে। কিন্তু দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং ধারাবাহিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিরোধীদলীয় নেতা জানান, সরকারের প্রতিনিধির জন্য তারা ১০ মিনিট অপেক্ষা করবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
এ সময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের দাবিগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোট এই কর্মসূচির আয়োজন করে। এতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply