সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্রীড়াকে শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির জন্য ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, পরিচর্যা ও বিকাশে একটি টেকসই জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করছে। ভবিষ্যতে জাতীয় দল এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০-এ উন্নীত হবে। পাশাপাশি আরও বেশি প্রতিভাবান শিশু-কিশোরকে অন্তর্ভুক্ত করতে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে বাড়িয়ে ১০-১৪ বছর করা হয়েছে।
পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এ অংশগ্রহণকারী খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
Leave a Reply