বিশ্বকাপ ফুটবারের উন্মাদনায় যখন মেতেছে গোটা বিশ্ব, তখন নিজের ব্যতিক্রমী এক ঘোষণায় নতুন করে আলোচনায় এলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনার কট্টর সমর্থক এই অভিনেত্রী জানিয়েছেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।” পোস্টের সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন, যা অনেকের কাছে মজার ছলে করা মন্তব্য বলেই মনে হয়েছে।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার শেয়ার ও কয়েক দশ হাজার প্রতিক্রিয়া পড়ে। তবে আলোচনার সুযোগ না রেখে পোস্টটির মন্তব্য অপশন বন্ধ রাখেন পরীমণি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর সামনে আসে। পরে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ, সাংবাদিক তামিম হাসান এবং নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে সম্পর্ক ও বিয়ের খবরও আলোচনায় ছিল।
সবশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবন পার করছেন পরীমণি। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।
এমন বাস্তবতার মধ্যেই বিশ্বকাপকে ঘিরে তার নতুন এই ঘোষণা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি নিছক ফুটবল উন্মাদনায় করা একটি রসিকতা, নাকি ভবিষ্যতের কোনো ইঙ্গিত—সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই অভিনেত্রী।
Leave a Reply