দর্শক, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫।
জানা গেছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান ফেলিপে এলাকার কাছে এবং দ্বিতীয়টির কেন্দ্র ছিল ইউমার অঞ্চলের দক্ষিণ-পূর্ব দিকে। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, যার কারণে এর প্রভাব আরও বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর রাজধানী কারাকাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
বার্তা সংস্থাগুলোর প্রকাশিত ছবিতে কারাকাসের একটি বহুতল ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। স্থানীয় সূত্র বলছে, ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে অভিযান শুরু করেছেন।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি সবাইকে ঘরের বাইরে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেন।
ইউএসজিএস সতর্ক করে বলেছে, শক্তিশালী এই ভূমিকম্পগুলোর পর আরও পরাঘাত আঘাত হানতে পারে। ফলে উদ্ধার কার্যক্রম পরিচালনায়ও চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হতে পারে।
এদিকে উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও জরুরি সেবার সদস্যদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা।
সবশেষ তথ্য অনুযায়ী, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেতে আরও সময় লাগবে।
ভেনেজুয়েলার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে এখানেই শেষ করছি। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের জানানো হবে।
Leave a Reply