1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

মাঠের লড়াই শেষ, শুরু ‘উদি নেকো’ রহস্যের অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

বিশ্বকাপ মিশন হতাশায় শেষ হয়েছে তুরস্কের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে দলটি। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন গ্যালারিতে থাকা এক সমর্থক। অদ্ভুত ও ব্যতিক্রমী সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তুরস্কের ভক্ত উদি নেকো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের পর তুরস্কের নকআউটে ওঠার আশা শেষ হয়ে যায়। পরে প্যারাগুয়ের কাছেও হার মানে তারা। কিন্তু দলের ব্যর্থতার মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই সমর্থক।

ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে সম্প্রচার ক্যামেরা একবার তার দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক কৌতূহল।

প্রথম দেখায় তাকে যেন কোনো রহস্যময় চরিত্র মনে হয়। পুরো মুখ কালো রঙে রাঙানো, বিপরীতে চুল ও দাড়ি সাদা। চোখে সাদা লেন্স ব্যবহারের কারণে তার উপস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে।

‘উদি নেকো’ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপে ভাইরাল হওয়ার অনেক আগেই তুরস্কে তিনি পরিচিত মুখ। দেশটির ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরেই গ্যালারিতে দেখা যায় তাকে।

তুরস্কের জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও নিয়মিত উপস্থিত থাকেন এই ব্যতিক্রমী ভক্ত। হাঙ্গেরির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেসিকতাসের কালো-সাদা রঙের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই বিশেষ সাজ গ্রহণ করেন।

তার মুখের কালো রং এবং সাদা চুল-দাড়ি মূলত ক্লাবটির ঐতিহ্যবাহী রঙের প্রতীক। এছাড়া ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের প্রতীক হিসেবেও এই সাজের বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানা গেছে।

তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, প্রতিটি ম্যাচের আগে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে তিনি নিজেকে এই রূপে সাজান। শুধু দর্শকদের নজর কাড়ার জন্য নয়, বরং নিজের প্রিয় ক্লাব ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই এই ব্যতিক্রমী আয়োজন।

তার ডাকনাম ‘উদি নেকো’র পেছনেও রয়েছে মজার গল্প। ‘নেকো’ এসেছে তার নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর ‘উদি’ শব্দটি এসেছে তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ থেকে। এই বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ব্যক্তিদের বলা হয় ‘উদি’।

বিশ্বকাপে তুরস্কের যাত্রা হতাশায় শেষ হলেও, গ্যালারির এই রহস্যময় সমর্থক ফুটবলপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। মাঠের ফলাফল ভুলে অনেকেই এখন আলোচনা করছেন উদি নেকোর অনন্য পরিচয় ও ব্যতিক্রমী সমর্থন সংস্কৃতি নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost