গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজিটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন এবং অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়। বাকি একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—আসাদুল ইসলাম (১৮), নাসিমা বেগম (৪৫) ও ফিরোজা বেগম (৪০)। নিহত আসাদুল ইসলাম ও নাসিমা বেগম সম্পর্কে মা ও ছেলে বলে জানা গেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply