1. admin@channelgbangla.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সুনীল অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হতে পারে।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর বিশ্ব বাস্তবতায় সমুদ্র শুধু ভৌগোলিক সীমানার অংশ নয়। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় কৌশলগত সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ ও নির্ভুল আদান-প্রদান নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত উন্নয়নের বিষয় নয়, বরং জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা দেশের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এই সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।

তিনি বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, নিরাপদ নৌপথ নিশ্চিত করা, সমুদ্রতলের সঠিক মানচিত্র প্রণয়ন এবং উপকূলীয় অঞ্চলের পরিকল্পিত উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে নৌ চলাচলের ঝুঁকি কমছে, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন হচ্ছে এবং সামুদ্রিক অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হচ্ছে।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল হাইড্রোগ্রাফি, জিওস্পেশাল ডাটা ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় তথ্যপ্রযুক্তির ব্যবহার এই খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের সামুদ্রিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগানো এখন সময়ের দাবি। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

নন্দিতো টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost