জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের সফরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠক ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আয়োজনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার যুক্তরাষ্ট্র সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে দেখছে সরকার।
সফরসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো কাজ করছে।
Leave a Reply