বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।
নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, এমভি ওশেন উইনার সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল।
ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়। এরপর গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি।
তবে দুই দিন পর বঙ্গোপসাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
ঘটনার পর নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।
জাহাজটিতে একজন বাংলাদেশি নাবিক থাকায় তার অবস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply