আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজের কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
গতকাল সকাল ১০টা ২৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। পরে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি তুলে ধরে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। সেখানে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
একই সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্মবৃক্ষের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এদিকে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও।
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে রয়েছেন মন্ত্রী আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
Leave a Reply