জামালপুরের মাদারগঞ্জে শত শত গ্রাহকের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবদুল ওয়াহেদকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার রাতে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলার ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতি’র অন্যতম কর্ণধার।
র্যাব সূত্রে জানা যায়, সমবায় সমিতির আড়ালে অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে আমানতের টাকা ফেরত না দিয়ে কার্যালয় গুটিয়ে লাপাত্তা হয়ে যায় পরিচালনা পর্ষদের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা মাদারগঞ্জ থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামি আবদুল ওয়াহেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১-এর একটি আভিযানিক দল শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে প্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারিত গ্রাহকদের পাওনা টাকা উদ্ধার ও বাকি পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply