জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কের দায়িত্বে আসছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও দলীয় প্রধান কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম। জোটের এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জুলাই ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান প্রধান সমন্বয়ক এটিএম গোলাম মাওলা চৌধুরী ২০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
জোট সূত্র জানায়, জাতীয়তাবাদী সমমনা জোটের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, চলতি মাসে ডা. সৈয়দ নুরুল ইসলামের দায়িত্ব গ্রহণের কথা থাকলেও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন এটিএম গোলাম মাওলা চৌধুরী। এরপর ২১ জুলাই থেকে নতুন প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. নুরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র এস এম শাহাদাত, সাম্যবাদী দলের কমরেড শরীফুল ইসলাম মাহফুজ, কেন্দ্রীয় নেতা আব্দুল হাকিম আমিন, বাংলাদেশ ম্যাপের সভাপতি শাওন সাদিকী, সাধারণ সম্পাদক সিনিয়র বারিক, এনডিপির সভাপতি হারুন সোহেল, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply