জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল দাবি করছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে। অথচ আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল একসঙ্গে এই সনদে স্বাক্ষর করেছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচনী ইশতেহারের আলোকে তা বাস্তবায়ন করা হবে।
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি এ বিষয়ে বিএনপির সম্মতি ছাড়াই প্রস্তাব যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধনের পক্ষে। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করা হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারগুলো বিএনপির হাত ধরেই এসেছে। বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর কৃতিত্ব বিএনপির বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। বিএনপি তা চায় না। তার ভাষায়, জুলাই যেন কেবল রাজনৈতিক স্বার্থের উপকরণ না হয়ে গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতীক হিসেবে বাস্তবায়িত হয়।
বিএনপির ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, বহু নেতা-কর্মী গুম ও নিহত হয়েছেন। এরপরও বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply