দেশকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে তুলতে শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছটি স্কুলে, বাসার আশপাশে কিংবা যেকোনো উপযুক্ত স্থানে লাগানো যেতে পারে। পাশাপাশি সেই গাছের উপকারিতা, কতটুকু অক্সিজেন উৎপাদন করে এবং পরিবেশে কী ভূমিকা রাখে—এসব বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে জানারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও শিশুদের মধ্যে সচেতনতা তৈরি হবে। তিনি আরও বলেন, আজ রোপণ করা গাছগুলো বড় হলে শিক্ষার্থীরা তার ছায়ায় বিশ্রাম নিতে পারবে, আর বাসার আশপাশে লাগানো গাছ পরিবেশকে শীতল ও নির্মল রাখতে সহায়ক হবে।
আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে সারা দেশে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply