ইরানে নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ-সামরিক সক্ষমতা এবং উপকূলজুড়ে সামরিক রসদ অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
সেন্টকম আরও জানায়, আগের রাতে ইরানে পরিচালিত সামরিক অভিযানের ধারাবাহিকতাতেই এই নতুন হামলা চালানো হয়েছে।
এর একদিন আগেই যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তারা ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। নতুন এই অভিযানের মাধ্যমে মোট হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এই হামলাকে আন্তর্জাতিক আইন ও নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
এদিকে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়ছে। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।
Leave a Reply