পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাঁদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশ।
অভিযান চলাকালে বঙ্গোপসাগরের মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংরক্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে একটি মাছ ধরার ট্রলার ও দুই হাজার ৪০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন