1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মাদক মামলার বিচারে গঠন হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

দেশে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত বা আসক্ত। নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

তিনি বলেন, বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আত্মরক্ষার জন্যও কোনো অস্ত্র নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকটা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বাস্তবতা বিবেচনায় সরকার মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। নতুন আইনি কাঠামো তৈরির কাজ চলছে এবং তা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক মাদক মামলা বছরের পর বছর ঝুলে রয়েছে। শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও রয়েছে হাজার হাজার মামলা।

এ অবস্থায় প্রচলিত আদালতের পাশাপাশি মাদক মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রেও সরকার বড় উদ্যোগ নিয়েছে। প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

এছাড়া বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে উৎসাহিত করতে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা একসঙ্গে জোরদার করা গেলে মাদকের ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost