পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই যুবককে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী মোঃনাইমুল ইসলাম নাঈদ (২৪) জানান, তার স্ত্রী মোসাঃ তমা (১৮)কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সিয়াম (১৯)। এ নিয়ে সিয়ামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
নাইমের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকায় সিয়াম ও তার কয়েকজন সহযোগী তাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক কাজের জন্য নেওয়া দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মারধরের পর নাইমের স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান বলে জানা গেছে।
তবে নাইমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সিয়াম। তার দাবি, নাইমের স্ত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি সত্য নয়। নাইম তাকে ‘তুই’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে হুমকি দেন এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নাইম তাকে গলাচিপায় নিয়ে কয়েকজনকে দিয়ে মারধর করে জিম্মি করেন এবং তার কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে পাল্টা অভিযোগ করেন সিয়াম।
তবে সিয়াম স্বীকার করেছেন, গত বৃহস্পতিবার রাতে নাইমকে মারধর করা হয়েছে। তার ভাষ্য, এ ঘটনায় তিনি ও তার মামা ছিলেন। কিন্তু নাইমের কাছ থেকে কোনো টাকা-পয়সা বা স্বর্ণের চেইন নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে থানায় অভিযোগ বা আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীরা জানান, এখনও তারা কোনো আইনি প্রক্রিয়ায় যাননি।
ঘটনাটি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে মারধরের বিষয়টি স্বীকার করা হলেও ঘটনার কারণ, স্থান এবং টাকা-স্বর্ণ নেওয়ার অভিযোগ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
Leave a Reply