পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। বিশেষ করে যেসব বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চুক্তির সদস্যরা যদি বাংলাদেশকে এতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।
বাংলাদেশের এই অবস্থান ভারতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার এই কাঠামো ভবিষ্যতে আরও বিস্তৃত হলে এর সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও ভারতের কাছে প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশের সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব তাদের পালন করা উচিত।
Leave a Reply