জাজিরা উপজেলায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর জেলা উপজেলার জাজিরা ইউনিয়নের খোশাল সিকদার কান্দি এলাকার আরিফ হোসেন বেপারী (৫৬) ও তার ছেলে আমিনুল ইসলাম (২১)। সোমবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার খোশাল সিকদার কান্দি এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভার পুরাতন ব্যাংক মোড় সংলগ্ন ০.৬২ শতাংশ জমি বিক্রির কথা বলে গ্রিসপ্রবাসী সুমন হোসেন খানের সঙ্গে ১৬ লাখ টাকায় চুক্তি করেন অভিযুক্তরা। চুক্তি অনুযায়ী গত ২২ এপ্রিল শরীয়তপুর আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে জমির বায়না বাবদ ৬ লাখ টাকা পরিশোধ করেন সুমন হোসেন খান। এক মাসের মধ্যে জমির দলিল সম্পন্ন করে অবশিষ্ট ১০ লাখ টাকা পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে দলিল সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ভুক্তভোগী বায়নার ৬ লাখ টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা ফেরত না দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার শরীয়তপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, “জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরিফ হোসেন বেপারী ও তার ছেলে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
Leave a Reply