1. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ধারাবাহিকতা চলছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

আগামী ২০ জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এবারের মাধ্যমিক পরীক্ষা কোনো প্রশ্নফাঁস বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সহযোগিতার ফল।

দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দায়িত্ব নেওয়ার পরপরই স্থগিত থাকা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের একটি জটিল সমস্যা সমাধান করা হয়েছে, যেখানে অনেক বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি কার্যক্রমে অংশ নিত না।

সকল পক্ষের সমন্বয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে বলেও তিনি জানান।

সেশনজট কমানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাঠ্যসূচি শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রস্তুতি নিতে পারেন।

শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক লাখ বিশ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা সরকারের একটি বড় অর্জন।

এছাড়া দেশব্যাপী ‘ইনোভেশন আইডিয়া শোকেস’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সেখানে ৩২টি প্রদর্শনী ও সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সারাদেশে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যার চূড়ান্ত পর্ব আগামী ২০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আনন্দময় ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, নৈতিক শিক্ষা ও মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost