1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে ঢুকে সেখানকার এক অফিস সহকারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (৮ জুলাই) হওয়া জিডি সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে নড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন অফিস সহকারী মো. তৌফিকুল ইসলাম। এ সময় মতিউর রহমান সাগর কার্যালয়ে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন। প্রকৌশলী অফিসে না থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন।

একপর্যায়ে তৌফিকুল ইসলাম প্রতিবাদ করলে মতিউর রহমান সাগর নিজেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে তার শার্টের কলার চেপে ধরে চড়-থাপ্পড় দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মারধরের সময় মতিউর রহমান বলেন, ‘উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী ও উপসহকারী প্রকৌশলী মাসুদ রুমিকে মারার জন্য আসছিলাম। তাদের না পেয়ে তোকেই নমুনা দেখিয়ে গেলাম।’

এ সময় অফিস সহায়ক মো. সজিব হোসেন ও অফিস সহকারী মো. সামসুদ্দিন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে কার্যালয় থেকে বের করে দেন। কার্যালয় ত্যাগের সময় মামলা করলে আবারও মারধর এবং অফিসে থাকতে না দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী তৌফিকুল ইসলাম বলেন, মতিউর রহমান অফিসে এসে কর্মকর্তাদের না পেয়ে গালাগাল শুরু করেন। আমি বাধা দিলে আমার শার্টের কলার ধরে চড়-থাপ্পড় দেন। পরে মামলা না করার জন্যও হুমকি দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মতিউর রহমান সাগর। তিনি বলেন, মারধরের প্রশ্নই আসে না। গত ছয় মাসেও আমি উপজেলা কার্যালয়ে যাইনি। বিস্তারিত জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাৎ করে বক্তব্য নেওয়ার কথা বলেন। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এলজিইডি কার্যালয়ে গিয়ে মারধর ও হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নড়িয়া উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost