1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থিত যমুনা কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ধরনের অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটি এবং পুলিশের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণ ও পুলিশের মধ্যে আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দক্ষিণ কেরানীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে সমন্বিত অভিযান জোরদার, কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

All rights reserved © 2026
Design By Raytahost