রংপুর সদর উপজেলার গংগাহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুলের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি, বিদ্যালয়ের গাছ কেটে বিক্রিসহ নানা গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এতসব অভিযোগের পরও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা বা,বরখাস্ত না করায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুলের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানির মতো স্পর্শকাতর ও গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার একক সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের খামখেয়ালিপনা ও অনিয়মের সুযোগ নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঠিকমতো পাঠদান না করে ক্লাস চলাকালীন সময়ে ঘুমিয়ে পার করছেন।
এখানেই শেষ নয়, বিদ্যালয়ের সরকারি গাছ কেটে ব্যক্তিগতভাবে বিক্রি করা এবং বিদ্যালয়ের ছোটখাটো বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র গায়েব বা বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এসব বিষয়ে দফায় দফায় স্থানীয়রা প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে এই বিতর্কিত শিক্ষককে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে মুঠোফোনে রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষায় দ্রুত এই সমস্যার সমাধান চান গংগাহরি এলাকার সচেতন মহল।
Leave a Reply