চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে মূল্য তালিকা না থাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ইসলামীয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানীয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পচা-বাসি খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর মালিকরা স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে কচুয়া উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply