বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ২টি স’মিলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর রাখা কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম এ শফিকুল ইসলাম এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রাখায় একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply