ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই ভালোবাসার টানেই চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা স্থানীয় সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর বর ওয়্যাং সুলিন চীনের হুপেই প্রদেশের লুরাং শহরের একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়।
ভালোবাসার টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। এরপর ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন এবং মুসলিম রীতিতে লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কনের পরিবার জানিয়েছে, বিয়ের আগে চীনা দূতাবাস এবং বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সব তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই বিয়ের আয়োজন করা হয়।
এদিকে নবদম্পতিকে ঘিরে মোহনগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিদেশি জামাইকে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।
কনের বাবা জানান, সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে প্রয়োজনীয় ভিসা ও কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শুরুতে আন্তর্জাতিক প্রতারণার নানা ঘটনার কারণে কিছুটা উদ্বেগ থাকলেও, সব তথ্য যাচাই-বাছাই করে বিয়ে হওয়ায় এখন তারা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের প্রত্যাশা করছেন।
Leave a Reply