প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য, সবুজ পাহাড়ি উপত্যকা এবং জলপ্রপাতের কলতানে মুখরিত পরিবেশে ইতালিস্থ সন্দ্বীপ সমিতি-র বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালির মধ্যাঞ্চলের উম্বরিয়া অঞ্চলের তেরনি (Terni) এলাকায় অবস্থিত বিখ্যাত পর্যটনকেন্দ্র কাসকাতে দেল্লে মারমোরে (Cascate delle Marmore)-এ দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বিশ্বের প্রাচীনতম এবং ইউরোপের অন্যতম উচ্চতম মানবসৃষ্ট জলপ্রপাত হিসেবে পরিচিত কাসকাতে দেল্লে মারমোরে প্রাচীন রোমানদের নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় ১৬৫ মিটার (৫৪১ ফুট) উচ্চতা থেকে তিন ধাপে নেমে আসা জলধারা, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও মনোরম আবহাওয়া প্রবাসী সন্দ্বীপবাসীদের মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
ছাবের মোহাম্মদ জামালের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাহবুবউল মাওলা নাছির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ বাহার, শেখ ফরিদ, বেলায়েত হোসেন, আয়ুব মাইটু এবং শহীদুল্লাহ শহীদ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিকনিক বাস্তবায়ন কমিটির প্রধান মোঃ আকতার হোসেন। এছাড়াও মোজাম্মেল হোসেন চৌধুরী, কামরুল হাসান টুটুল, রাসেল তালুকদার, আলাউদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, জাফর ইসলাম, সাইফুল ইসলাম সোহেল, আব্দুর রহমান, আব্দুল কাদের, আরিফ এবং মোঃ কবির নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এবারের আয়োজনে নবীন ও তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পিকনিককে আনন্দমুখর করে তুলতে ‘ইয়ং জেনারেশন’-এর পক্ষে মোঃ সাকিল, আরিফ, মোহাম্মদ আরমান, সাজ্জাদ, রাফি, রাকিব ও শান নিরলসভাবে কাজ করেন। পাশাপাশি পুরো আয়োজন সফল করতে মাইশার দায়িত্বশীলতা ও পরিশ্রম উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসীদের প্রাণবন্ত আড্ডা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন, বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কর্মব্যস্ত প্রবাস জীবনের ফাঁকে এমন মিলনমেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইতালিতে বসবাসরত সন্দ্বীপবাসীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক বনভোজন ও মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply