গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১ আগস্ট থেকে শুরু হচ্ছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন ও পৌর কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, কালিয়াকৈরের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২ লাখ ৫১ হাজার ৫৭৯টি পরিবার এবং ৮ লাখ ২০ হাজার ৯১০ জনের তথ্য সংগ্রহ করা হবে।
জরিপ কার্যক্রম পরিচালনায় মাঠে কাজ করবেন ৩২১ জন তথ্য সংগ্রহকারীএবং তাদের তদারকিতে থাকবেন ২৯ জন সুপারভাইজার। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরপর্যন্ত টানা ৪৫ দিন এ কার্যক্রম চলবে। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতকরণ, তদারকি কমিটি গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে সারা বাংলাদেশে ৪১ লাখ পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের আশা, এই জরিপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
Leave a Reply