শেরপুর সদর উপজেলা রিকশা, অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর পৌরসভার শেখহাটী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মজনু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মাইক প্রচারক সমিতির সভাপতি মো. আনিসুর রহমান বাদশা, কার্যকরী সভাপতি শাহীন আলম, সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া, ইসমাইল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সভাপতির বক্তব্যে মো. মজনু মিয়া বলেন, চালক শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাত্রীসেবায় আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। এছাড়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে ছিনতাই ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, পৌরসভার লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত চালক শ্রমিকদের কণ্ঠভোটে ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মো. মজনু মিয়াকে পুনরায় সভাপতি এবং মো. আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply