ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং মোহাম্মদ সালাহর মিশর।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে ম্যাচের ১৪তম মিনিটেই বড় ধাক্কা খায় লিওনেল মেসির দল। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। মেসি, হুলিয়ান আলভারেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ঘিরে আক্রমণ সাজানোর চেষ্টা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে লিড ধরে রাখতে সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে মিশর।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন। ইনজুরি কাটিয়ে রক্ষণভাগে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো। আক্রমণে লাউতারো মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মাঝমাঠে। লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে এনে মিডফিল্ডে ভারসাম্য আনার চেষ্টা করেছেন স্কালোনি। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলানো হচ্ছে।
আজকের ম্যাচের জয়ী দল সরাসরি উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। আর পরাজিত দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে শেষ ষোলো থেকেই।
আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন—এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
এখন দেখার বিষয়, শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফিরতে পারে কি না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে মিশর।
Leave a Reply