1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

দর্শক, হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে পরাজয়, দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত ড্র। তবে সব হিসাব বদলে গেল গ্রুপ পর্বের শেষ ম্যাচে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বাফানা বাফানারা।

বুধবার মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ।

বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। শেপাং মোরেমির নিখুঁত ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ চালালেও দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার প্রতিনিধিরা।

এই জয়ের ফলে গ্রুপে মেক্সিকোর পর দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।

আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে নকআউট পর্বের ম্যাচে বি গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে তারা।

দক্ষিণ আফ্রিকার জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। এর আগে ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালে বিশ্বকাপে অংশ নিলেও কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি।

এবারও শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে টিকে ছিল লড়াইয়ে।

তাই শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। আর সেই চ্যালেঞ্জই সফলভাবে উতরে গেল বাফানা বাফানারা।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য এটি বড় হতাশা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতে বিশ্বকাপ শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচেও পরাজিত হয়ে বিদায় নিতে হলো এশিয়ার শক্তিশালী দলটিকে।

বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ কোরিয়ার রয়েছে গৌরবময় অধ্যায়। ২০০২ সালে প্রথম এশিয়ান দল হিসেবে সেমিফাইনালে উঠে চতুর্থ স্থান অর্জন করেছিল তারা। এছাড়া ২০০২ ও ২০১০ সালে নকআউট পর্বেও খেলেছিল কোরিয়ানরা।

তবে এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। বরং ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।

এখন দেখার বিষয়, বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শুরু করা বাফানা বাফানারা কানাডাকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost