বিশ্বকাপ ২০২৬-এ নিজের প্রথম গোলেই ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচে গোল করে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায়।
একই সঙ্গে এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্পেন প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নেয়। ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধেও স্পেন তাদের আধিপত্য ধরে রাখে এবং শেষ পর্যন্ত ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতে নেয়।
তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইয়ামাল। মাত্র ১৮ বছর ৩৪৩ দিন বয়সে বিশ্বকাপে গোল করে তিনি সর্বকনিষ্ঠ গোলদাতাদের তালিকায় অষ্টম স্থানে উঠে আসেন। অন্যদিকে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে প্রথম বিশ্বকাপ গোল করা লিওনেল মেসি নেমে গেছেন নবম স্থানে।
এর পাশাপাশি ইয়ামাল আরও একটি ঐতিহাসিক কীর্তি গড়েছেন। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচের উদ্বোধনী গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলে এই কীর্তি গড়েছিলেন।
সব মিলিয়ে তরুণ এই স্প্যানিশ তারকা বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা আরও জোরালোভাবে জানিয়ে দিলেন।
Leave a Reply