ভিপি নুরুল হক নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি—এনসিপিকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে নুরের রাজনৈতিক শক্তি সম্পর্কে তিনি জানেন। তার ভাষায়, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, ওই দিন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ‘মিসাইলে’ মগবাজার ও বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে নুরের বক্তব্যে যে তেজ ছিল, সরকারে যাওয়ার পর তা কিছুটা নমনীয় হয়ে পড়েছিল। তবে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, বিরোধী রাজনীতিতে বক্তব্যের মধ্যে তেজ থাকতে হয়। তার দাবি, জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই, যার বক্তব্য জনতার মধ্যে একই ধরনের উদ্দীপনা তৈরি করতে পারে।
তিনি বলেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগ করার মাধ্যমে সেই রাজনৈতিক দৃঢ়তা অর্জন করা যায় না বলেও মন্তব্য করেন রাশেদ খান।
তার এই বক্তব্যের বিষয়ে জামায়াত-শিবির ও এনসিপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন