বিভিন্ন দাবি জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে। তবে প্রয়োজনে তা নয় বা দশ দফায় রূপ নিতে পারে। আর যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি গুরুতর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। সাম্প্রতিক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোট জনগণের বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
লং মার্চে আটটি দাবি তুলে ধরেছে জোটটি। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নতি, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
ঢাকা থেকে শুরু হওয়া এই লং মার্চে জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
মন্তব্য করুন